টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ নামে নতুন একটি সেবামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ চালু করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং তিনটি পৌরসভায় ‘জনতার সংযোগ’ বুথের কার্যক্রম শুরু হয়।
এই বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে তাদের সমস্যা, অভিযোগ ও মতামত জানাতে পারবেন। আধুনিক যোগাযোগ সুবিধাসম্পন্ন এসব বুথ চালুর পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণকে তার কাছে যেতে হবে না; বরং তিনিই মানুষের কাছে যাবেন। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে যোগাযোগ বুথ স্থাপনের ঘোষণাও দিয়েছিলেন।
তিনি বলেন, ‘এই বুথে থাকা লাল বাটনে চাপ দিলেই আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। জনগণের সুবিধা-অসুবিধা, অভিযোগ ও মতামত সরাসরি জানতে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও জানান, ‘জনতার সংযোগ’ সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। এর মাধ্যমে সাধারণ মানুষ যেকোনো সময় তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।
ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান এবং ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মির্জা ফয়সাল।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











