মো আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী বা মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধীর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো আপস করা হবে না।
শনিবার (২৭ জুন) নাগরপুর থানায় জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ওসি মো. জহুরুল ইসলাম বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজসহ পুরো সমাজব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তাই মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কেউ মাদকসংক্রান্ত কোনো তথ্য জানলে নির্ভয়ে পুলিশকে জানাতে পারেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে নাগরপুর থানা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও সার্বিক কর্মকাণ্ডের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নাগরপুরবাসীর উদ্দেশে ওসি মো. জহুরুল ইসলাম বলেন, “মাদকমুক্ত নাগরপুর গড়তে পুলিশের পাশাপাশি জনগণেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নাগরপুর গড়ে তুলি।”
সাক্ষাৎকার শেষে জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসি মো. জহুরুল ইসলামকে শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় তাঁরা নাগরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তাঁর সফলতা কামনা করেন। জবাবে ওসি মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।











