টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাসের এক শিশু মারা গেছে। এ দিকে রোগিদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও উপজেলা হাসপাতালেও হামের রোগীদের সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে।
নিহত ইয়ামিন সদর উপজেলার আউলটিয়া গ্রামের সোহেল রানার ছেলে। বৃহস্পতিবার সকালে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ১৬ জন হামে আক্রান্ত শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১৩ জন। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। চিকিৎসাধীন রয়েছে ১৩ শিশু। এছাড়াও হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।











