টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন—কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী হনুফা বেগম (৩৮), তার ছেলে হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), বাবু (২৮) এবং কুইজবাড়ী দক্ষিণপাড়ার আয়নাল হক (৫৫)।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রথমে হনুফা বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, শুক্রবার (১০ জুলাই) গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়িও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায়ী মাসুদ রানার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুইজবাড়ী গ্রামের লাল মাহমুদের ছেলে।











