মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল ইসলাম শুভ (৩০)। তিনি মধুপুর উপজেলার নায়াপাড়া মুন্সিবাড়ী এলাকার বাসিন্দা।
র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মধুপুর উপজেলার নায়াপাড়া মুন্সিবাড়ী এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় রিয়াজুল ইসলাম শুভকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে ৫৯ হাজার ৯০০ টাকা মূল্যের জাল নোট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুটি কিবোর্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











