খবরবাংলা ডেস্ক :
দেশের শিল্পখাতে নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ডব্লিউটিওর (WTO) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় স্থানে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে তুরস্ক রয়েছে।
ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।
তবে প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম এগিয়ে রয়েছে। যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ১ শতাংশ বেড়েছে, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। তাই দ্বিতীয় অবস্থান ধরে রাখতে বাংলাদেশের উৎপাদনে অটোমেশন বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











