খবর বাংলা ডেস্ক :
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।
সোমবার (১৫ জুন) ঢাকার আদালতে হাজির করার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমোদন দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে নতুন করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। শুরুতে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে আরও টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়।
পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











