খবর বাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এমন একটি শুরুর একাদশ মাঠে নামিয়েছে দলটি, যেখানে ১১ জন ফুটবলারের কেউই মরক্কোর মাটিতে জন্মগ্রহণ করেননি।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় দল সম্পূর্ণ বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে শুরুর একাদশ সাজিয়ে ম্যাচ খেলেছে।
মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর জন্ম কানাডার মন্ট্রিলে। রক্ষণভাগে থাকা নুসাইর মাজরাউই জন্মেছেন নেদারল্যান্ডসে, ইসা দিয়প ফ্রান্সে এবং শাদি রিয়াদ ও আশরাফ হাকিমির জন্ম স্পেনে।
মিডফিল্ডে দায়িত্ব পালন করেন ফ্রান্সে জন্ম নেওয়া নিল এল আয়নাউই ও আয়ুব বুয়াদ্দি। অন্যদিকে আক্রমণভাগে থাকা শেমসদিন তালবি ও বিলাল এল খান্নুসের জন্ম বেলজিয়ামে। এছাড়া সামির এল মুরাবেত জন্মেছেন ফ্রান্সে এবং ইসমাইল সাইবারির জন্ম স্পেনে।
যদিও খেলোয়াড়দের জন্ম বিভিন্ন দেশে, তবে সবাই মরক্কান বংশোদ্ভূত। পারিবারিক শিকড় ও জাতীয় পরিচয়ের টানেই তারা আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর প্রতিনিধিত্ব করছেন। তাদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
মরক্কোর ফুটবলে প্রবাসী প্রতিভাদের অবদান দীর্ঘদিনের। তবে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে পুরো শুরুর একাদশই দেশের বাইরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গঠিত হওয়া একেবারেই নজিরবিহীন ঘটনা।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা আধুনিক ফুটবলে অভিবাসন, বহুজাতিক পরিচয় এবং প্রবাসী সম্প্রদায়ের প্রভাবকে নতুনভাবে তুলে ধরেছে।
কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও প্রবাসে বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের ওপর আস্থা রেখেছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সেই কৌশলেরই প্রতিফলন দেখা গেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











