মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি মির্জাপুরের গাড়াইল এলাকায় জুয়েল তালুকদারের ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয়দের একাংশের ধারণা, বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মধ্যে ছাদে ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। তবে পরিবারের দাবি, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে যান রায়হান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক জুয়েল তালুকদার বলেন, রায়হান মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ব্রাজিল সমর্থক ছিলেন। তার ঘরে ব্রাজিলের পতাকাও ছিল। তিনি প্রতিদিনের মতোই ছাদে গিয়েছিলেন বলে জানান তিনি।
নিহতের পরিবারের সদস্যরাও জানান, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অস্বাভাবিক আচরণ করতেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মানসিক অসুস্থতার কথা জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।











