দেলদুয়ার
,
সংবাদ দাতা
তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শীত উপেক্ষা করে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী নিজে মাঠে নেমে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দেলদুয়ার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী কম্বল সরবরাহ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, থানা পুলিশের প্রতিনিধি এবং দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
এ বিষয়ে ইউএনও জোহরা সুলতানা যূথী বলেন, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় দেলদুয়ার উপজেলায় মোট ২ হাজার ৬০০টি কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। শীতের প্রকোপ যতদিন থাকবে, ততদিন এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।
উপকারভোগীরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।











