মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একই দিনে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘ভূমি সেবা মেলা’ উদ্বোধনের পাশাপাশি কৃষিজীবী মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজেরও সূচনা করা হয়। মঙ্গলবার (১৯ মে) টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি কর্মসূচির উদ্বোধন করেন।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল আউয়াল লাভলু বলেন, ভূমি সেবা সহজ ও ডিজিটাল করার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আজাদ মিয়া এবং বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
একইদিন বেলা ১টা ১৫ মিনিটে এমপি রবিউল আউয়াল লাভলু দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান–চিনাখোলা এলাকায় বহুল প্রতীক্ষিত একটি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, দেলদুয়ার থানার ওসি মোঃ শাওকায়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খালটি খনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে। একই দিনে ভূমি সেবার আধুনিকায়ন ও কৃষি উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা এ উন্নয়ন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











