খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়। জেলাটিতে এ হার ৩ দশমিক ৫০। অন্যদিকে, সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, মাত্র ১ দশমিক ৫০। একই জরিপে জেলাভিত্তিক বাল্যবিবাহের হারেও বড় ধরনের পার্থক্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ৩১৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলার জনসংখ্যা ও সামাজিক বিভিন্ন সূচকের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে বাংলাদেশের মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর সর্বোচ্চ প্রজনন হার মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ করে।
অন্যদিকে, তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় মোট প্রজনন হার ১ দশমিক ৭০। আর সর্বনিম্ন ১ দশমিক ৫০ হার নিয়ে তালিকার নিচে রয়েছে বাগেরহাট।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সবচেয়ে বেশি, ২ দশমিক ৬০। চট্টগ্রাম বিভাগে এ হার ২ দশমিক ৫০। ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনায় ২ দশমিক ০০।
এদিকে, জরিপে বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভেদে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী বর্তমানে বিবাহিত নারীর হার সবচেয়ে বেশি জয়পুরহাটে। জেলাটিতে এ হার ৫৭ দশমিক ৪ শতাংশ।
জয়পুরহাটের পরেই রয়েছে সাতক্ষীরা। সেখানে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার ৫৪ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, একই বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনের এসব পরিসংখ্যান দেশের বিভিন্ন অঞ্চলে প্রজনন হার ও বাল্যবিবাহের পরিস্থিতিতে বিদ্যমান আঞ্চলিক পার্থক্য তুলে ধরেছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











