ধনবাড়ী সংবাদ দাতা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকায় অসহায় ও দুস্থ ৩ হাজার ৮৫টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দিল আফরোজ।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ৩০ দশমিক ৮৫ মেট্রিক টন চাল এসব পরিবারের মধ্যে বিতরণ করা হয়। কার্ডধারী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্যান্যরা।
পৌর প্রশাসক দিল আফরোজ বলেন, স্বচ্ছতার মাধ্যমে পৌর এলাকার ৩ হাজার ৮৫ জন অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











