মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও সার্বিক প্রস্তুতির কারণে প্রথম দিনেই কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর নাগরপুরে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।
কেন্দ্রভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়—
সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮৯৭ জন, অনুপস্থিত ১৭ জন। নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৬ জনের মধ্যে উপস্থিত ৬১৪ জন, অনুপস্থিত মাত্র ২ জন। নাগরপুর মহিলা দাখিল কেন্দ্রে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫০৩ জন, অনুপস্থিত ১৪ জন। নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ৪১৫ জনের মধ্যে ৪১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল, অনুপস্থিত ৪ জন।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় তারা কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন, “প্রথম দিনেই আমাদের কেন্দ্রে পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। আমরা কেন্দ্রের ভেতরে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোরভাবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি রেখেছি। কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। পরীক্ষার্থীরা যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন বলেন, “প্রথম দিনেই উপজেলার সবকটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।”
পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা সন্তোষ প্রকাশ করে বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।
প্রথম দিনের সফল আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।











