খবরবাংলা ডেস্ক :
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। তারা দেশে ফিরতে চাইলে একমাত্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই প্রত্যর্পণ সম্ভব।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘বিজয় দিবসে কোন কোন পলাতক আসামি প্রত্যর্পণের কথা বলছে। গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি, এমনকি ফিরেও আসেনি। তারাও কখনো রাজনীতি করতে পারবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তা সম্ভব। ১৬ ডিসেম্বর কয়েকজনকে প্রত্যর্পণ করা হতে পারে বলে তিনি শুনেছেন। এ ছাড়া তাদের কেউ কেউ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছেন বলেও উল্লেখ করেন তিনি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের পরও যারা সড়কে নেমে বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব কর্মকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











