খবরবাংলা ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি পাজেরো গাড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছলিমাবাদ ব্রিজের গোড়ায় অভিযান চালায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। অভিযানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার বাসিন্দা রাসেল হোসেনকে (৩৮) আটক করা হয়। তিনি মাইনুদ্দিন দুলালের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে গাড়ির চালক বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানায়, জব্দ করা চালানে স্পেন ও ফ্রান্সের বিভিন্ন ব্র্যান্ডের ১৩৬ বোতল বিদেশি মদ ছিল। কয়েকটি কার্টনে বহন করা এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় এক কোটি টাকা মূল্যের একটি পাজেরো গাড়িও জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “সাম্প্রতিক সময়ে এত বড় বিদেশি মদের চালান জব্দের ঘটনা আমাদের এলাকায় ঘটেনি। এ ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রাসেল হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











