খবর বাংলা ডেস্ক :
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটি এখনো বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। দীর্ঘ বিচার ও আপিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আসামি এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে তৎকালীন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম এসেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন, সাক্ষ্যে পাওয়া তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮০০। মোট ১২০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ৫ আগস্টের পর এ মামলার কয়েকশ’ আসামি জামিন পেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু মানুষ নিহত হন। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। খালাস পান ২৮৩ জন।











