খবরবাংলা ডেস্ক :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য তহবিলের প্রারম্ভিক স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্ধারিত হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি স্থিতির জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।
এক নজরে মুনাফার হার
- ১৫ লাখ টাকা পর্যন্ত: ১৩ শতাংশ
- ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা: ১২ শতাংশ
- ৩০ লাখ টাকার বেশি: ১১ শতাংশ
নির্ধারিত স্ল্যাব অনুযায়ী অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রারম্ভিক স্থিতির ভিত্তিতে সংশ্লিষ্ট হারে জমার ওপর মুনাফা হিসাব করা হবে।
সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এক নয়। তাই এসব প্রতিষ্ঠান নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে প্রজ্ঞাপনে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করে কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে তা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
জিপিএফ হলো সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল, যেখানে নিয়ম অনুযায়ী বেতন থেকে অর্থ জমা রাখা হয়। অন্যদিকে সিপিএফ সাধারণত এমন প্রতিষ্ঠান বা সংস্থায় চালু থাকে, যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই।
নতুন নির্ধারিত মুনাফার হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কার্যকর হবে। ফলে সংশ্লিষ্ট অর্থবছরে সরকারি চাকরিজীবীদের জিপিএফ হিসাবের মুনাফা নির্ধারণে এই হার অনুসরণ করা হবে।
এর আগে সরকার নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হওয়ার কথা রয়েছে। বেতন বৃদ্ধির বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











