খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে নির্মিত ২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
প্রথম চালানে থাকছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।
ভারতের রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন কোচগুলোতে বেশ কিছু আধুনিক নকশা ও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে এলএইচবি ধরনের কোচে বেশ কিছু বৈশিষ্ট্য প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে।
রেল সূত্র জানায়, ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫-১৬ সাল থেকে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সহযোগিতা চলছে। ওই সময় বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল ভারতীয় কারখানাটি।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আরও ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়। সাত ধরনের এসব কোচ সরবরাহে চুক্তির মূল্য ধরা হয়েছে ৯১৫ কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় বাংলাদেশ রেলওয়ের পুরোনো বহরে নতুন কোচগুলো যুক্ত করা হবে। চুক্তি অনুযায়ী, ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রেল কর্মকর্তারা আশা করছেন, নতুন কোচ যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা ও বিদ্যমান বহরের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রেল সহযোগিতাও আরও শক্তিশালী হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











