বাসাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক আনছার আলী হত্যা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সিএনজি স্ট্যান্ড চত্বরে নিহতের গ্রাম কলিয়ার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসাইল জিরো পয়েন্টে গিয়ে জড়ো হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাসাইল থানায় প্রবেশ করেন।
উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, ছেলে জুয়েল মিয়া, স্থানীয় বাসিন্দা জসিম মিয়া, সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, মিনহাজ মিয়া, ছালমা আক্তার ও আলেয়া বেগমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করা হয়। তারা দাবি করেন, অভিযুক্ত লেবু মেলেটারী এলাকায় প্রভাবশালী ও উশৃঙ্খল হিসেবে পরিচিত। সম্প্রতি গ্রেফতার হলেও তার পরিবার জামিনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে অভিযুক্তের জামিন না দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত বিচার শেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।
জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে বাসাইল উপজেলার কলিয়া গ্রামে কৃষিজমির আইল কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলীকে হত্যার অভিযোগ ওঠে লাভু মিয়া ওরফে লেবু মেলেটারীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে গত ১০ মে টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
বর্তমানে অভিযুক্ত লেবু মেলেটারী টাঙ্গাইল কারাগারে রয়েছেন।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মানববন্ধনের পর নিহতের পরিবার থানায় এসেছিল। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত শেষে দ্রুত মামলার চার্জশিট দাখিল করা হবে।











