খবর বাংলা ডেস্ক :
ফেনীর পৃথক দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে সোনাগাজী ও ছাগলনাইয়ায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের সেলিম চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ দুলাল (৩৫) এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মানিক (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের এক বাড়িতে আইপিএস মেরামতের কাজ করার সময় মোহাম্মদ দুলাল অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ছাগলনাইয়ায় নিজ ঘরে কাজ করার সময় বিদ্যুতায়িত হন মানিক। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুই ঘটনারই মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










