মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক নারীর বাড়িতে আপত্তিকর অবস্থায় শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়েছেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দুজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শফি সিকদার একই ইউনিয়নের কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে এবং বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবিনা আক্তার পূর্বে বিবাহিত ছিলেন এবং কয়েক বছর আগে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফেরার পর শফি সিকদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা নজরদারি শুরু করেন।
ঘটনার রাতে শফি সিকদার ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। পরে তাকে মারধর করা হয় এবং ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে শতাধিক মানুষ জড়ো হয়।
পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শফি সিকদার ও সাবিনা আক্তারের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা যায়।
ঘটনার পর শফি সিকদারের আগের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৯ জুন) তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
পুলিশ জানায়, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে স্থানীয়দের মাধ্যমে সমঝোতার প্রক্রিয়া সম্পন্ন হয়।











