খবরবাংলা ডেস্ক :
২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপে অপরাজিত থেকে ইতিহাস গড়ে তারা প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয়।
শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই উপহার দেয় মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি। নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হারলেও কেপ ভার্দের পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও বড় পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ ও নকআউট পর্বে খেলার সুবাদে দেশটির ফুটবল ফেডারেশন মোট ২৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯০ কোটি টাকা।
ফিফার প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা এবং গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার জন্য প্রতিটি দল পেয়েছে ১০ মিলিয়ন ডলার। এছাড়া প্রস্তুতি বাবদ দেওয়া হয়েছে আরও ২ দশমিক ৫ মিলিয়ন ডলার।
অন্যদিকে, শেষ ষোলোয় জায়গা করে নেওয়ায় কেপ ভার্দে অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার পাবে। সব মিলিয়ে তাদের মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে ২৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।
ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে যাবে না। অর্থটি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের তহবিলে জমা হবে। সেখান থেকে খেলোয়াড়দের বোনাস প্রদান করা হবে এবং অবশিষ্ট অর্থ দেশটির ফুটবল অবকাঠামো, যুব উন্নয়ন ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করতে হবে।











