মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে জলছত্র বাজার এলাকায় সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল ও প্রয়োজনীয় তদন্তের জন্য লাশ ফাঁড়িতে নেওয়া হয়।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।











