মির্জাপুর সংবাদ দাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে আতিকুর রহমান (৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার সাটিয়াচূড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে। তার স্ত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচূড়া এলাকায় হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মির্জাপুর থানার উপপরিদর্শক সুমন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।











