মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর মা চারজনকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বুড়িহাটি গ্রামের কাচ্ছেদের ছেলে রাতিনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন একই গ্রামের রাজেদা বেগম, সোহাগ ও কেয়ামত মুন্সী।
থানায় দেওয়া অভিযোগে জানা যায়, বুধবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বুড়িহাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে কেয়ামত মুন্সীর নির্দেশে রাতিন ও সোহাগসহ কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ছাত্রীর মা মেয়েকে ফেরত পেতে রাতিনের পরিবারের কাছে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছাত্রীর মা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তিনি ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগে রাতিন ও তার কয়েকজন বন্ধু মাঝে মধ্যে রাস্তায় তার মেয়েকে উত্যক্ত করতেন। এ বিষয়ে তিনি রাতিনের পরিবারের কাছে অভিযোগও করেছিলেন, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এখন তিনি তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
এদিকে অভিযুক্ত রাতিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীকে উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।











