মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
বুধবার (১ জুলাই) সকালে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মির্জাপুর পৌর জামায়াতের আমির মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য দেন মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, উপজেলা সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন, উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন শাজাহান ও ওয়াজ উদ্দিন সিকদারসহ অন্যান্য নেতারা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে শান্তিপূর্ণভাবে চলে যান।
এ বিষয়ে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোখলেছুর রহমান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।











