খবরবাংলা ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৪ সালে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট ঘটনাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











