খবর বাংলা ডেস্ক :
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক স্কুলশিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন শিক্ষক নুরুল আমীন রতন। তিন দোকান এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদারসহ অন্তত ১০ জন তার পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহত নুরুল আমীন রতন জানান, তিনি দীর্ঘদিন ধরে বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে মিজান শিকদার বলেন, তিনি এ ঘটনার কিছুই জানেন না। গুজব ছড়ানো হলে তিনি মানহানির মামলা করবেন বলেও জানান।
শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. মফিজুর রহমান স্বপন বলেন, আহত শিক্ষকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ডান হাত ভেঙে গেছে। তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











