খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হিলটন হোটেলের বলরুমে আয়োজিত ‘হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনার’ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেন। একই সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়।
সিএনএনের একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ আছেন এবং প্রশাসনের অন্য কর্মকর্তারাও নিরাপদ রয়েছেন।
পুল রিপোর্টের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাস্থলে কয়েকজন সিক্রেট সার্ভিস সদস্যকে “গুলি করা হয়েছে” বলে চিৎকার করতে শোনা যায়। পরে নিরাপত্তা বাহিনীর রেডিও বার্তায় জানানো হয়, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে।
ঘটনার পরপরই হোটেল এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তথ্য সূত্র : যমুনা টিভি











