খবরবাংলা ডেস্ক :
৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয়ের স্বপ্ন দেখালেও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় শার্লট এফসি। ফলে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের।
ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই ইতিহাস গড়েছেন তিনি। পুরো মৌসুমে ২৬টি গোল করে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। এর মধ্য দিয়ে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও শার্লট এফসি। ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে মায়ামি।
ম্যাচের ১৪তম মিনিটে ইয়ান ফ্রেইয়ের গোলে এগিয়ে যায় ফ্লোরিডার দলটি। এরপর ৩৩তম মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে জার্মান বার্তেরামের হেডে বল পেয়ে কাছ থেকে গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। প্রথমার্ধের ৪২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো ডি পল।
তিন গোলের লিড নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেয় শার্লট এফসি। বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে ৫০ ও ৫৫তম মিনিটে পরপর দুটি গোল করেন লিয়েল আবাদা। এতে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২।
এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রাখার চেষ্টা করে মায়ামি। কিন্তু ৯০তম মিনিটে নাটকীয়ভাবে সমতায় ফেরে শার্লট। টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জালে পাঠিয়ে গোল করেন রোদোলফো আলোকো। তাতেই ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
এদিকে নিয়মিত মৌসুম শেষে ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে ন্যাশভিল এসসি। এর মধ্য দিয়ে ২০২৪ সালে ইন্টার মায়ামির গড়া এক মৌসুমে সর্বোচ্চ ৭৪ পয়েন্টের রেকর্ডও ছাড়িয়ে গেছে ন্যাশভিল।
উল্লেখ্য, এর আগেও ২ মে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরেছিল ইন্টার মায়ামি। ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হওয়ার ঘটনা আবারও ঘটল মেসিদের সঙ্গে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











