খবরবাংলা ডেস্ক :
কুমিল্লায় আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মো. মতিউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সংকর কান্তি দাস।
পুলিশ জানায়, আর্জেন্টিনা–মিশরের ম্যাচে আর্জেন্টিনা গোল হজম করার পর শরিফুল উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শরিফুল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তথ্য সূত্র : কালবেলা











