খবরবাংলা ডেস্ক
সংঘাত নিরসনে চলমান আলোচনা অগ্রসর হলে ইরানের ওপর নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ক্ষেত্রে ইরান একটি শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না, তার ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, সংঘাত নিরসনে আলোচনা ইতিবাচকভাবে এগোতে থাকলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ওপর হামলা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্র সম্ভাব্য অবকাঠামোগত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ৩৮টি সেতু রয়েছে। তিনি দাবি করেন, চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই এসব স্থাপনা ধ্বংস করা সম্ভব।
অন্যদিকে, রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে কাজ করছে।







