খবরবাংলা ডেস্ক :
বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি বা সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে বাজার নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বাজারে পণ্য বিক্রির প্রবণতা প্রায়ই দেখা যায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহের ঘাটতির পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীর সুযোগ নেওয়ার প্রবণতাও এর পেছনে কাজ করে।
তিনি জানান, ভোক্তারা যাতে সরকার নির্ধারিত দামেই এলপিজি গ্যাস কিনতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, বাজারে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেয়ে জরুরি পণ্যের বাফার স্টক বা সংরক্ষিত মজুত বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা কমানো সম্ভব হবে।
এদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে দেশে ফেরত চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শুধু অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত আসামি।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে। সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করলে তা নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সতর্ক রয়েছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











