গোপালপুর সংবাদ দাতা
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অধিকাংশের মধ্যেই অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, ফেল করা শিক্ষার্থীদের বেশির ভাগই মাদক ও মোবাইল ফোনে আসক্ত।
শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ও দুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের মাদক ও মোবাইল ফোনের ক্ষতিকর ব্যবহার থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ আহমদ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ আকন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ২৭ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা এবং ৮ জন দুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় ২০২৫ সালের শিক্ষক-কর্মচারীদের স্মারকও প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালপুর থানার ওসি রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।











