কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্তকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। পরে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার (৩০ জুলাই) টাঙ্গাইল আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা আরিফুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় শান্তর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, তার নির্দেশনা ও সহযোগিতায় অনুসারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ও লাকড়ি ফেলে এবং বিভিন্ন যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
ঘটনার পর কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, র্যাবের মাধ্যমে গ্রেপ্তার হওয়া আরিফুর রহমান শান্তকে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।










