খবরবাংলা ডেস্ক :
গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষের কারণে জেলায় এখন পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের চলাচল কমে গেছে। এ কারণে সড়কের পাশের দোকানপাট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও তেমনভাবে খোলেনি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ছুটির পর শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চলমান শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে বর্তমানে জেলার কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া বাকি কারখানাগুলোতে যথারীতি উৎপাদন কার্যক্রম চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











