খবরবাংলা ডেস্ক :
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এদিনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। অন্যদিকে, কারাগার থেকে ভার্চুয়ালি মামলার কার্যক্রমে যুক্ত থাকবেন আসামি জিয়াউল আহসান।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যার মাধ্যমে বিরোধী মত দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলেন জিয়াউল আহসান।
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি সরকারের প্রশ্রয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন জিয়াউল আহসান।
মামলার নথি অনুযায়ী, গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের গুম করা হতো। পরে গাজীপুর, বরগুনা ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অভিযান পরিচালনার নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয় বলে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে পরবর্তী বিচারিক কার্যক্রমের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : যমুনা টিভি











