টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ¦ালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করছিলো। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











