টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী পয়লা বৈশাখ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কর্মসূচি চালু হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন-সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, পয়লা বৈশাখে টাঙ্গাইল সদরসহ মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব এলাকার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের জন্য এই কার্ড চালু করা হচ্ছে, যা ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে, যা কৃষি উপকরণ কেনার কাজে ব্যবহার করা যাবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কেনা সহজ হবে।
টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলার কয়েকটি উপজেলায় এই কর্মসূচি চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল পরিচিতি গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যাবে। বৈঠকে কৃষকদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল।











