খবরবাংলা ডেস্ক :
একাধিক প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামী ১৪ ডিসেম্বরের পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে এতে ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় প্রথম যে প্রোফাইলটি তৈরি করা হয়, সেটিই মূল প্রোফাইল হিসেবে বিবেচিত হবে। পরবর্তী সময়ে একই অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অন্যান্য প্রোফাইলগুলো অতিরিক্ত প্রোফাইল হিসেবে গণ্য হবে।
ফেসবুকের নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত প্রোফাইলের গুরুত্বপূর্ণ তথ্য হারানোর আগে ব্যবহারকারীরা সেগুলোর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি কোনো অতিরিক্ত প্রোফাইলের অধীনে গ্রুপ পরিচালিত হলে, ১৪ ডিসেম্বরের আগেই সেই গ্রুপের প্রশাসনিক দায়িত্ব মূল প্রোফাইলে হস্তান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত বন্ধু, গ্রুপ ও পেজের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে মূল প্রোফাইল ব্যবহার করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, গ্রুপে আবার যোগ দেওয়া কিংবা পেজ ফলো করার সুযোগ রয়েছে।
যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন
১৪ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখা যাবে। নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট প্রোফাইল ও এর তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
তথ্য সংরক্ষণ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে প্রবেশ করুন।
২. এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যান।
৩. ‘Your Information and Permissions’ বিভাগ থেকে ‘Export Your Information’ নির্বাচন করুন।
৪. ‘Create Export’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন।
৫. তথ্য নিজের ডিভাইসে ডাউনলোড করবেন, নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় পাঠাবেন, তা নির্ধারণ করুন।
৬. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে ‘Create Export’ বাটনে ক্লিক করুন।
ফেসবুক জানিয়েছে, তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ নিশ্চিত করতে আগেভাগেই ডাউনলোডের অনুরোধ জানানো উচিত।
এদিকে ব্যবহারকারীর একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, মূল প্রোফাইলের তথ্য ডাউনলোডের মাধ্যমেও সংগ্রহ করতে হতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











