খবর বাংলা
,
ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা নেতাদের আমজনতার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কারণে যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা রয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মো. তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমজনতার দল যুক্তি ও নীতির রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ নেই। প্রয়োজনে আমরা জনগণের কাছে গিয়েছি, কিন্তু জোর করে কারও কাছ থেকে অর্থ নিইনি।”
তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নেওয়া নেতাদের প্রতি সম্মান জানিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেওয়া হবে।
উল্লেখ্য, এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোট আলোচনাকে কেন্দ্র করে দলটিতে ভাঙন শুরু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং রোববার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন পদত্যাগ করেন। ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, আর ডা. তাজনুভা জাবীন নির্বাচনে না দাঁড়ানোর কথা জানিয়েছেন।
এছাড়া জোটের বিরোধিতা করে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রায় ৩০ জন নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। তবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











