খবর বাংলা ডেস্ক :
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, ‘আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই তেল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে। তবে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা সরবরাহ করা হবে।’
এছাড়া তিনি সতর্ক করেন, কোনো পাম্প কর্মচারী অনিয়ম বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট পাম্প মালিকদের নিতে হবে।
পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, ৩০ মার্চ থেকে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কোনো ব্যক্তি কৃত্রিম সংকট বা কালোবাজারির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পাম্প মালিক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











