টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল জেলার বেশিরভাগ পেট্রোল পাম্পে তেলের ঘাটতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। রবিবার (২৯ মার্চ) জেলার বিভিন্ন পাম্পে দেখা গেছে, তেলের সরবরাহ কম থাকায় অনেক পাম্পে ‘তেল নেই’ নোটিশ টাঙানো রয়েছে।
যদিও দুই-একটি পাম্প খোলা থাকলেও সেখানে শত শত মোটরসাইকেল ও যানবাহন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পাম্পের বাইরে বোতল বা জার ভর্তি পেট্রোল-অকটেন সরকারি মূল্যের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করছে। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে সাধারণ মানুষও অতিরিক্ত দামে তেল কিনতে হচ্ছে।
ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা জানান, জেলার হাতে গোনা কয়েকটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেলই পাওয়া যাচ্ছে। অধিকাংশ পাম্পে তেল না থাকায় বাইরে থেকে বেশি দামে তেল কিনে চলাচল করতে হচ্ছে।
মিনিট্রাক চালক সোলাইমান মিয়া বলেন, “আমি রিজার্ভ মালামাল নিয়ে যাতায়াতের জন্য দুই হাজার টাকার তেল চাইলে এক হাজার টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে তেল কিনতে হয়েছে। এটি পাম্প মালিকদের কারসাজি হতে পারে।”
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাশাপাশি অবৈধভাবে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।











