টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে এখনও অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হয়নি। ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হলে তা অতীতের মতোই গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনা তিনবার মানুষকে ভোট দিতে না দিয়ে যে অপরাধ করেছেন, আজ যারা দায়িত্বে আছেন তারাও যদি একই কাজ করেন, তাহলে তারা তার চেয়ে ভিন্ন নন। আমার কাছে এখনও মনে হয় না, দেশে প্রকৃত অর্থে ভোটের পরিবেশ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু বাস্তবতা হলো— এখনো সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এমন নিশ্চয়তা আমি দেখছি না।”
কৃষক শ্রমিক জনতা লীগ কেন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোটের পরিবেশ ঠিক না হওয়ায় গামছা প্রতীকের দল কৃষক শ্রমিক জনতা লীগ এবারের নির্বাচনে অংশ নেয়নি।”
তবে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক, পর্যাপ্ত ভোটার ভোট দিক এবং এখান থেকে জাতির জন্য একটি শিক্ষা তৈরি হোক।”











