নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুরে ‘কিশোর গ্যাং’-এর প্রধান ও একাধিক মামলার আসামি এলাম জাবির ওমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে ও কথিত কিশোর গ্যাংয়ের প্রধান এলাম জাবির ওমিও (২১), একই এলাকার আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে গঠিত কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলাও রয়েছে।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে নাগরপুর থানা পুলিশ। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











