খবরবাংলা ডেস্ক :
নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা সম্ভব হবে না। কিছুদিন আগে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার তথাকথিত হরতাল পালনের চেষ্টা করা হলেও এর কোনো কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না। তার দাবি, আওয়ামী লীগকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার বিচার আদালতের মাধ্যমে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ইশরাক বলেন, দলটির নেতারা দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে তিনি মনে করেন। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিপরীতে পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে শুধু পুলিশের পক্ষে সব পরিস্থিতি সামাল দেওয়া কঠিন।
এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, সরকার দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকার সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বন্দিবিনিময় প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। গণহত্যার মামলায় অভিযুক্ত হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন ইশরাক।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










