টাঙ্গাইল সদর সংবাদ দাতা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানা যায়, সকালে ঢাকার গুলশানস্থ বাসভবন থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাদের বহর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অতিক্রম করার সময় টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান।
যমুনা সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।
এছাড়া এলেঙ্গা এলাকায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন এবং মির্জাপুর বাইপাস এলাকায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান।
মহাসড়কের টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বহরকারী বাস থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।











