খবরবাংলা ডেস্ক :
দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেডভেদে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকটি ২৪ নভেম্বর শুরু হয়ে ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চলে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ আলোচনায় শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও দর-কষাকষি হয়।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এ সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা। এই তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে উভয় পক্ষের মধ্যে সর্বসম্মতি হয়।
তবে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪-এর মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বোর্ড। এ কারণে শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রেড-৪-এর সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।
নতুন মজুরি কাঠামো মেনে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মালিকপক্ষ জানিয়েছে, পোশাকশিল্পের সক্ষমতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও কার্যক্রম সচল রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ কমবে এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











