খবর বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে এই সম্পর্কের সূচনা, যা ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছে।
চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার লক্ষ্যে উভয় দেশ কাজ করে যাবে। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











